ঢাকায় অবস্থিত কয়েকটি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীন ও রাশিয়া দূতাবাসকে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক নিয়ম অনুযায়ী দূতাবাসগুলো বিষয়টি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়।
হুমকির উৎস সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে।’
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, ‘ঘটনা জানার পর আমাদের অফিসার দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। তদন্ত কার্যক্রম চলছে।’
প্রসঙ্গত, গত সপ্তাহে ইমেইল পাঠিয়ে চীন, রাশিয়াসহ ঢাকার একাধিক দূতাবাসে হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে।