ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা এবং শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।