সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

থানার পলেস্তরা খসে পড়ল ডিউটি অফিসারের মাথায়

প্রতিবেদকের নাম

নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে এক ডিউটি অফিসার সহকারী আহত হয়েছেন। একই ঘটনায় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে আরও তিনজন সেবাগ্রহীতা ছিলেন। এ ঘটনার পর পুরোনো ও ঝুঁকিপূর্ণ থানা ভবনে কর্মরত পুলিশ সদস্য ও সেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

আহতের নাম উপ-পরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন।

পুলিশ জানায়, গতকাল রাতে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ছাদ থেকে খসে পড়া পলেস্তারা পড়ে থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ‘ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমার কক্ষের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে। এতে আমার কাঁধে আঘাত লাগে।’

জানা যায়, ডিমলা থানা ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতলা ভবনের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। অনেক জায়গায় ছাদ ও দেয়ালের পলেস্তারা খুলে রড বেরিয়ে গেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে খসে পড়ছে। ভবনের বিভিন্ন অংশে স্যাঁতসেঁতে ও ক্ষয়ের চিহ্নও রয়েছে। এই জরাজীর্ণ ভবনে ৬২ জন পুলিশ সদস্য কর্মরত আছেন।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে অবহিত করেছি। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা