আলোচিত পপ গায়িকা কানিজ সুবর্ণা দীর্ঘ বিরতির পর নিজের একক সংগীতানুষ্ঠান নিয়ে মঞ্চে ফিরেছেন। সম্প্রতি রাজধানীর কয়া স্টুডিওতে অনুষ্ঠিত হয় তাঁর একক শো ‘ব্যাক টু দ্য বিট : অ্যান ইন্টিমেট পপ মিউজিক ইভনিং’। ঘরোয়া আবহের এ আয়োজনে সংগীতাঙ্গনের শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতপ্রেমীরা।
অনুষ্ঠানে কানিজ সুবর্ণা তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। ‘তুমি নিঃস্ব করে দাও’, ‘শা লা লা লা’, ‘এই তো আমি তোমার আছি’ ও ‘ভালোবাসি যারে’র মতো গান পরিবেশনের সময় শ্রোতা-দর্শকদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে মঞ্চে পেয়ে সংগীতপ্রেমীরাও উপভোগ করেন সন্ধ্যাটি।
গান পরিবেশনের পাশাপাশি নিজের দীর্ঘ বিরতি, সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন কানিজ সুবর্ণা। ফলে পুরো আয়োজনটি কেবল গানকেন্দ্রিক না থেকে শিল্পী ও শ্রোতাদের মধ্যে এক ধরনের অন্তরঙ্গ যোগাযোগের আবহ তৈরি করে।
কানিজ সুবর্ণার পেশাদার সংগীতজীবনের সূচনা ২০০০ সালে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুর ও সংগীত পরিচালনায় প্রকাশিত ‘ভালোবাসা মানে’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে দেশের পপ সংগীতে নিজের অবস্থান তৈরি করেন এ শিল্পী।
ব্যক্তিজীবনে কানিজ সুবর্ণা জনপ্রিয় ব্যান্ড তারকা হামিন আহমেদের জীবনসঙ্গী।