নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চালু করেছে ‘ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড’। একই অনুষ্ঠানে এনএসইউ ও ঢাকা ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
গেল বৃহস্পতিবার (১৪ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘স্পার্ক প্রিপেইড কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কার্ডটির সাহায্যে শিক্ষার্থীরা দেশ-বিদেশে শিক্ষা, ডিজিটাল সেবা ও দৈনন্দিন জীবনযাপনের খরচ সহজে পরিচালনা করতে পারবেন। এতে রয়েছে IELTS, SAT, GMAT ও TOEFL পরীক্ষার ফি পরিশোধের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স ও জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্যাশব্যাক সুবিধা। এছাড়া বিভিন্ন রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও লাইফস্টাইল ব্র্যান্ডে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, “তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগের পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই কার্ড তরুণদের আর্থিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এক বার্তায় উল্লেখ করেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতেই এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতার বিজয়ী দল ও সেরা পারফর্মার শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদানের মাধ্যমে চমৎকার এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।