সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেসের মুসলিম নেতা আনিসুর রহমান ও তার ২৪ বছর বয়সী ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেথুয়াডহরি থেকে ছেলে আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। পথে নাগাদি রেলগেটের কাছে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে গাড়িতে গুলি চালানোর পর আনিসুর রহমান ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

৫০ বছর বয়সী আনিসুর রহমান ছিলেন বেঙ্গল কংগ্রেস কমিটির সদস্য এবং নদীয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। নাকাশিপাড়া এলাকায় তিনি দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধীর রঞ্জন চৌধুরী আনিসুর রহমান ও তার ছেলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্বাধীনতা দিবসের সময় এমন হত্যাকাণ্ড মানুষের নিরাপত্তা এবং স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এই সাবেক লোকসভা সদস্য। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নদীয়ার সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা