রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষার্থীদের বিক্ষোভে আটক ১৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্কুলের পরিবেশ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তিনি জানান, গত ১৭ অক্টোবর থেকে মূল্যস্ফীতি ও বেতন বৃদ্ধির দাবিতে হওয়া বিক্ষোভে ৭ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। এসব বিক্ষোভের কয়েকটি একপর্যায়ে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়। এ ছাড়া স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে আটক করা হয়েছে আরও প্রায় ৮ হাজার জনকে।

বিচারমন্ত্রী বলেন, জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত বিক্ষোভে আটক ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬৬ জনের ক্ষেত্রে ইতিমধ্যে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৯৫ জনকে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।

দারমানিনের দেওয়া তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভে আটক ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৫২৩ জন প্রাপ্তবয়স্ক এবং ২ হাজার ৬৬১ জন অপ্রাপ্তবয়স্ক। এখনো পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর ফ্রান্সের কয়েকটি শহরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। ওই দিনের বিক্ষোভেই মোট গ্রেপ্তার ও আটকের প্রায় দুই-তৃতীয়াংশের ঘটনা ঘটে।অন্যদিকে, গত সেপ্টেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে প্রায় ৮ হাজার জনকে আটক করা হলেও তাঁদের মধ্যে মাত্র তিনজনকে হেফাজতে রাখা হয়েছে। তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক। পুলিশ বা শিক্ষকদের ওপর হামলার অভিযোগে তাঁদের আটক রাখা হয়েছে বলে জানান বিচারমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা