রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাত এবং সিটি করপোরেশনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
সোমবার (১৭ আগস্ট) গুলশানে ডিএনসিসির কার্যালয়ে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বৈঠকে নগর উন্নয়ন ও জনসেবাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, “বসুন্ধরা একটি মডেল আবাসিক এলাকা এবং এবিজি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। নগর উন্নয়নের জন্য সকল পক্ষের সমন্বয় জরুরি। একটি আধুনিক নগর গড়ে তুলতে এবিজি চেয়ারম্যান আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও জনস্বার্থে যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
আলোচনায় নগর উন্নয়নের পাশাপাশি রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও মশা নিয়ন্ত্রণের বিষয়গুলোও উঠে আসে। ডিএনসিসি প্রশাসক জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ১০টি জোনে টাস্কফোর্সের মাধ্যমে কঠোর নজরদারি, ঝটিকা অভিযান এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বাসাবাড়িতে লার্ভা জমে থাকা রোধে নাগরিকদের সচেতনতার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া মশা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বৃষ্টিপাত কমলে সম্ভাব্য মশার হটস্পটগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।