এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণটা পরিষ্কার ছিল ওমানের সামনে—জিততেই হতো তাদের। কিন্তু মাঠে নামার সুযোগই পেল না দলটি। টানা বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ওমানকে। অন্যদিকে এক পয়েন্ট পেয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে মালয়েশিয়া।
শনিবার নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
এতে দুই ম্যাচে মোট ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে হংকং, চায়না। আর দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে ওমানকে।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শীর্ষ দুই দলও যোগ দিয়েছে শেষ আটে।
সূচি অনুযায়ী, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়াই এখন বাংলাদেশের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ। ম্যাচটি আগামী ২৯ সেপ্টেম্বর নিশিনে স্থানীয় সময় দুপুর ২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশ ও মালয়েশিয়ার লড়াইয়ে ফিরে আসছে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের স্মৃতি। সেবার কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এদিকে গ্রুপ ‘এ’-এর ম্যাচেও বৃষ্টির প্রভাব পড়েছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হংকংয়ের বিপক্ষে, ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের, আর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে।
কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের ম্যাচ ২৯ সেপ্টেম্বর, আর পাকিস্তান ও ভারতের ম্যাচ ২৮ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে।
এখন ২০২৩ সালের সেই রুদ্ধশ্বাস জয়ের পুনরাবৃত্তি করতে পারে কি না বাংলাদেশ—সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।