ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ বুধবার দিবাগত রাত ২টায় সিয়াটল স্টেডিয়ামে ইউরোপের পরাশক্তি বেলজিয়ামের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম সেরা দল সেনেগাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে বেলজিয়াম। তবে পুরো টুর্নামেন্টে তাদের পথচলা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। অন্যদিকে, সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ মুহূর্তে নকআউট নিশ্চিত করেছে সেনেগাল।
বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারেনি বেলজিয়াম। দুটি ড্র ও একটি জয়ে পাঁচ পয়েন্ট অর্জন করে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে তারা। গ্রুপ পর্বে অপরাজেয় থাকলেও শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সেনেগালের বিপক্ষে ভালো পরীক্ষাই দিতে হবে তাদের।
কেননা, টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খায় দলটি। এরপর ইরানের বিপক্ষেও জয়ে ফিরতে পারেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকাটাই বেলজিয়ামের জন্য বড় ভয়ের কারণ। অন্যদিকে গ্রুপের তৃতীয় সেরা আট দলের একটি হয়ে নকআউট পর্বে উঠলেও চমক দিতে পারে সেনেগাল।