বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভারত ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ

প্রতিবেদকের নাম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে নাকি বয়কট বজায় রাখবে-এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার দেশটির জিও নিউজকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিনিধি দলের সঙ্গে হওয়া বৈঠকের বিস্তারিত তাকে অবহিত করবেন।

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদ ও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এর এক দিন আগে, পিসিবি, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহসিন নাকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

সূত্র মতে, বৈঠকে আইসিসি বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিসিবির অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সমাধানসূত্র তৈরি করা হয়েছে। আলোচনায় আইসিসি ও বিসিবি নিজেদের প্রস্তাব বিনিময় করে, আর পিসিবি পুরো প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করে।

আইসিসির ডেপুটি প্রধান ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্থার সদরদপ্তরে ফিরে গেছেন এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঢাকায় ফিরে বোর্ডকে অবহিত করবেন। সূত্র আরও জানায়, সমাধানসূত্রে একমত হলে আজ বিকেলে আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আবার যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবেন।

আইসিসি-বিসিবি বিরোধের পটভূমি

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা শুরু হয়, যখন বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরবর্তীতে বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। অবস্থানে অনড় থাকায় টুর্নামেন্ট শুরুর (৭ ফেব্রুয়ারি) খুব কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পিসিবি বাংলাদেশের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ভারত–পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সবচেয়ে লাভজনক লড়াইগুলোর একটি। সম্প্রচার, স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচে কোটি কোটি ডলারের রাজস্ব আসে।

বাণিজ্যিক হিসাবে, একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার-যার মধ্যে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম অন্তর্ভুক্ত।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের মূল্য ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে, যা ভারতের অন্য শক্তিশালী দলের বিপক্ষে নকআউট ম্যাচের চেয়েও বেশি।

সবচেয়ে তাৎক্ষণিক আর্থিক প্রভাব পড়বে সম্প্রচার স্বত্বাধিকারীর ওপর। শিল্প-সংশ্লিষ্ট পূর্বাভাস অনুযায়ী, শুধু এই ম্যাচ থেকেই প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয়ের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা