চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সন্ন্যাসীতলা-মেডিকেল মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মো. আমিনুল ইসলাম আমিন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন সানির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিঞা, মো. আব্দুল কাদের, ঠিকাদার মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মুনসুর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মো. আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভোলাহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা বিএনপি কার্যালয় মাঠ ও মোহবুল্লাহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দলীয় নেতাদের সুস্বাস্থ্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।