মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.এহছানুল হকের চাকরির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার থেকে তাদের মেয়াদ আরও এক বছর বাড়ছে। দুজনেরই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদের আজ শেষদিন ছিল।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পর বিএনপি সরকার গঠনের ঠিক আগমুহূর্তে প্রশাসনের দুটি শীর্ষ পদে পরিবর্তন আসে। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া তিন দিনের ব্যবধানে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েন।
একই সময়ে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.এহছানুল হকের চুক্তি নিয়োগ দেওয়া হয়। তারা দুজনই বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।