ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শীলা (২৫) এবং আবেদা (৩৫)। অপর একজন নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়া যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন রিকশাচালকসহ আরও তিন নারী।
তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই খালিদ খালিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’