মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে ২৫ রিক্রুটিং এজেন্সিকে নির্বাচন করে ‘সিন্ডিকেটভিত্তিক’ শ্রমবাজার তৈরির উদ্যোগের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন এবং প্রবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, দুই দেশের সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার বিষয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এর মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি হতে পারে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিপুলসংখ্যক শ্রমিকের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
জামায়াতের এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারও এমন ব্যবস্থা চালু হলে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এ ধরনের অতিরিক্ত ব্যয় সাধারণ শ্রমিক ও তাদের পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে।
তিনি বলেন, দেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। তাই নির্দিষ্ট ২৫ এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর পরিবর্তে বায়রার সদস্য এবং অভিজ্ঞ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে প্রতারণা, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে সাধারণ শ্রমিকদের রক্ষা করা সম্ভব হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, সহজ ও স্বল্প খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা, প্রবাসী নাগরিকদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি অবিলম্বে জনস্বার্থবিরোধী সব ধরনের কার্যক্রম থেকে সরকারকে সরে এসে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
একই সঙ্গে কম খরচে বাংলাদেশি নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সিন্ডিকেট ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।