যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন রেশমা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।