নাটোরের লালপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রের বিষপানের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থ ছাত্র রাকিব (১১) উপজেলার চরজাজিরা গ্রামের রফিজের ছেলে এবং চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে শ্রেণিকক্ষের ভেতরেই রাকিব বিষপান করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, ‘ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে তার চিকিৎসা চলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’