লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাকে লালমনিরহাট আমলী আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার লালমনিরহাট নিয়ে আসেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন ২ লালমনিরহাট কুড়িগ্রাম এর সাবেক সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য পদে রয়েছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নাশকতা ও হত্যাসহ ৫টি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্নগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। তাকে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট আদালতে সোপর্দ করে পুলিশ।
আদালতে নেওয়া হলে জামিন আবেদন করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। আদালতের বিচারক তাকে লালমনিরহাট সদর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে জামিন দেননি আদালত।
আসামীপক্ষের আইনজীবী আবু আহাদ খন্দকার লেলিন বলেন, ‘আদালত একটি মামলায় জামিন দিলেও অপর একটি মামলার জামিন শুনানীর দিন ধার্য করে দিয়েছেন। আশা করছি আগামী কার্যদিবসে তিনি জামিন পাবেন।’
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, ‘লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২ জানুয়ারী দায়ের হওয়া মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’