বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সুন্দরবনে আশ্রয় নেওয়া জেলেবহরে হানা দিয়ে একটি মাছ ধরার ট্রলারসহ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক স্থান থেকে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যুরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী এই অপহরণের ঘটনা ঘটায়।
অপহৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।
অপহরণের পর জেলেরা কোাথয় এবং কী অবস্থায় রয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি বন বিভাগ ও মহাজনরা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে বেশ কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। পরে রাত ৮টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেবহরে এসে হানা দেয়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচ জনকে তুলে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি বলেন, ‘অপহরণের পর দস্যুরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। তাই তারা জেলেদেরকে বনের কোথায় নিয়ে গেছে তা জানা সম্ভব হয়নি। অপহরণের খবর শুনে জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।’
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্র জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতার বিষয়ে কোস্ট গার্ড সতর্ক রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।