নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ‘ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড ঈদ ক্লোথিং ২০২৬’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এই কর্মসূচির মাধ্যমে মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করে।
আয়োজকরা জানান, রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিদাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়। এর মধ্যে ছেলে শিশুদের জন্য ৩০০টি এবং মেয়ে শিশুদের মধ্যে ২৫০ টি পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিক্ষাথীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের একজন রিফাত জেরিন জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগেও বড় পরিবর্তন আনতে পারে এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তারা।