জুলাই আন্দোলনের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের এই আদেশ দিয়েছেন।
গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন একই মামলায় চার দিনের রিমান্ডের আদেশ হয়।
ওই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জামাল উদ্দির মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেছিলেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।