সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, আঞ্চলিক রাজনীতিতে প্রভাবের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
শেখ হাসিনা। ইন্টারনেট

হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থানে উদ্বিগ্ন ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। ঢাকার সঙ্গে চীনের পাশাপাশি তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগকে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। তাঁর মতে, বাংলাদেশ অতিরিক্ত মাত্রায় চীন বা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লে তা ভারতের কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘গ্লোবাল টকস’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, হাসিনাকে দেশে ফেরানোর দাবিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার প্রভাব পড়ছে আঞ্চলিক কূটনীতিতেও। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আয়োজিত আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীন, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের সম্পর্ক জোরদারের উদ্যোগকেও ভারতের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন সাবেক এই কূটনীতিক।

পিনাক রঞ্জনের মতে, বাংলাদেশের এমন অবস্থান ভারতের ওপর চাপ তৈরির কৌশল হতে পারে। তবে ঢাকা যদি চীন বা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে নয়াদিল্লিকে নিজেদের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করতে হতে পারে।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লির কূটনৈতিক অচলাবস্থা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চাচ্ছে।

পিনাক রঞ্জন চক্রবর্তীর অভিযোগ, একদিকে বাংলাদেশ ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ দাবি করছে, অন্যদিকে তাঁর ভ্রমণের বৈধ কাগজপত্র দেওয়ার বিষয়ে আপত্তি জানাচ্ছে। তাঁর মতে, দুই দেশের মধ্যে অতীতেও প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে হাসিনাকে কেন্দ্র করে বর্তমান কূটনৈতিক শীতলতার প্রভাব দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও পড়ছে।

সাবেক এই হাইকমিশনারের বক্তব্য অনুযায়ী, দুই দেশের মধ্যে বিদ্যমান অচলাবস্থার কারণে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রয়োজনীয় আলোচনা এগোচ্ছে না। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা পরবর্তী ব্যবস্থা নিয়ে দুই দেশের আলোচনার প্রয়োজন রয়েছে।

হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পিনাক রঞ্জন। তাঁর ধারণা, হাসিনা দেশে ফিরলে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারেন। এতে বড় ধরনের রাজনৈতিক বিক্ষোভ ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হতে পারে।

তাঁর বিশ্লেষণে, প্রত্যর্পণের দাবি সামনে রেখে বাংলাদেশ বিষয়টিকে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে। তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের প্রকাশ্য বক্তব্য, বিবৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও আলোচনায় এসেছে পিনাক রঞ্জনের বক্তব্যে। তাঁর মতে, ১৯৭১ সালের পর বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক ভারতের জন্য অন্যতম বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অন্যদিকে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। বিশেষ করে বাংলাদেশের বিতর্কিত নির্বাচনগুলোতে নয়াদিল্লির অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ছিল। দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছিল বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। এখন হাসিনা-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি অব্যাহত থাকলে অভিন্ন সীমান্তের নিরাপত্তা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নয়াদিল্লিকে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তাঁর মতে, বাংলাদেশের সম্ভাব্য নতুন অংশীদারদের অবমূল্যায়ন না করে ভারতের উচিত কূটনৈতিক উত্তেজনা কমানোর দিকে মনোযোগ দেওয়া।

এদিকে ভারতের সিভিল সার্ভিস ও প্রশাসনবিষয়ক সাময়িকী ‘জিফাইলস’-এর সম্পাদক অনিল ত্যাগী শেখ হাসিনার নিরাপত্তা, তাঁর ব্যক্তিগত ইচ্ছা এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থান—এই তিন বিষয়কে কেন্দ্র করে ভারতকে একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে মনে করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান এইজে প্রকাশিত এক নিবন্ধে অনিল ত্যাগী লিখেছেন, ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি সামনে থাকায় তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছে। তাঁর বিশ্লেষণে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে এমন এক ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতা চলছে, যার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনিল ত্যাগীর মতে, এই সমীকরণে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের আঞ্চলিক প্রভাবের সঙ্গে এসব দেশের সম্পর্ককে কীভাবে বিবেচনা করা হবে, তা নিয়েও দেশটির নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তারেক রহমানের ভারত সফর এড়িয়ে চলা এবং মালয়েশিয়া, চীন, জাপান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে বৃহত্তর এশিয়াজুড়ে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ভারতীয় বিশ্লেষকদের একাংশ এসব উদ্যোগকে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রচলিত কৌশলগত অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং ঢাকার বহুমুখী কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ—এই তিনটি বিষয় বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতায় নয়, পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা