শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১৫ সিসিটিভি ক্যামেরায় নজরদারি, শেষ রক্ষা হলো না ফকির চাঁনের

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
গ্রেফতার ফকির চাঁন ওরফে জাহের আলী ফকির।

দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারির বাইরে থাকা মাদক কারবারি হিসেবে পরিচিত মো. ফকির চাঁন ওরফে জাহের আলী ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে রৌমারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তার ফকির চাঁন রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একাধিক অভিযানিক দল ও রাত্রিকালীন জরুরি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফকির চাঁন দীর্ঘদিন ধরে রৌমারী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এবং বাড়ির আশপাশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য তাঁর বাড়িতে ১৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর আগে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে ক্যামেরাগুলো জব্দ করে পুলিশ।

তাঁকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও প্রতিবারই পুলিশের নাগালের বাইরে থেকে যান তিনি। অবশেষে বিশেষ রাত্রিকালীন অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, ফকির চাঁনের বিরুদ্ধে তিন জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও জানান, রৌমারী উপজেলায় মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা