সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

প্রতিবেদকের নাম

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের বিরুদ্ধে করা মামলায় পরাজিত হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতের একটি জুরি সোমবার সর্বসম্মতিক্রমে় জানায়, ওপেনএআই তাদের মূল মানবকল্যাণমূলক লক্ষ্য থেকে সরে গেছে এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যাবে না। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মাস্ক দাবি করেছিলেন, তারা অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়েছেন এবং স্টার্টআপটি প্রতিষ্ঠার সময় করা মূল চুক্তিটি ভেঙেছেন। তার এমন দাবি নাকচ করে দিয়েছেন জুরি।

জুরির মতে, মাস্ক অনেক দেরিতে মামলা দায়ের করেছেন। প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই বহুল আলোচিত মামলায় রায় দিতে জুরিদের সময় লেগেছে দুই ঘণ্টারও কম।

মামলাটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর ব্যবহার এবং এ প্রযুক্তি থেকে কারা লাভবান হবে- এসব প্রশ্নে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। রায়ের ফলে ওপেনএআইয়ের সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ আরও সহজ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে মামলার সময় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে ঘিরে নানা বিতর্কও সামনে এসেছে। আদালতে কয়েকজন সাক্ষী অল্টম্যানকে ‘মিথ্যাবাদী’ হিসেবে বর্ণনা করেছেন, যা তার ব্যক্তিগত ভাবমূর্তিতে চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

রায়ের পর মাস্ক জানিয়েছেন, তিনি আপিল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান একটি দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের ধনী করেছেন।’

মাস্ক লেখেন, ‘অল্টম্যান ও ব্রকম্যান সত্যিই একটি দাতব্য প্রতিষ্ঠানকে দখল করে নিজেদের সমৃদ্ধ করেছেন। প্রশ্ন শুধু কখন এটি করা হয়েছে।” তিনি আরও বলেন, “চ্যারিটি লুট করার নজির তৈরি হলে তা আমেরিকায় দাতব্য অনুদানের সংস্কৃতির জন্য ধ্বংসাত্মক হবে।’

মামলাটির বিচারক ইউভান গঞ্জালেস রজারস রায়ের পর মন্তব্য করেন, ‘আপিলে মাস্কের জন্য পথ কঠিন হতে পারে। কারণ মামলার সময়সীমা পেরিয়ে গিয়েছিল কি না, সেটি ছিল একটি বাস্তবভিত্তিক প্রশ্ন এবং জুরির সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।’

মাস্কের অভিযোগ ছিল, ওপেনএআইয়ের শুরুর দিকে তিনি ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। পরে অল্টম্যান ও ব্রকম্যান তার অজান্তে অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে একটি মুনাফাভিত্তিক ব্যবসা যুক্ত করেন এবং মাইক্রোসফটসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন।

মাস্কের আইনজীবী মার্ক টবরফ বলেন, এ রায় ভবিষ্যতে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শুরু হওয়া অনেক স্টার্টআপকে মুনাফাভিত্তিক কাঠামোয় রূপান্তরিত হওয়ার উৎসাহ দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা