রাজবাড়ীর বালিয়াকান্দিতে জিডি প্রত্যাহার করতে গিয়ে থানার ডিউটি অফিসারের কক্ষে মারধরের শিকার হয়েছেন নারী ব্যাংক কর্মকর্তা ও তার কলেজ পড়ুয়া ছেলে। মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাবেক ছাত্রদল নেতা জিসান বিন জামান। তিনি বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ব্যবসায়ী আক্তারুজ্জামানের ছেলে।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের কক্ষে এ মাধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার (৫ এপ্রিল) সকালে বালিয়াকান্দি অগ্রণী ব্যাংক এসএমই শাখার কর্মকর্তা আকতারী পারভীন হ্যাপি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি অগ্রণী এসএমই শাখার কর্মকর্তা আকতারী পারভীন হ্যাপির ছেলে রাতুল রেজা রুপ ও তার সমসপুর গ্রামের বন্ধু মাবরুক গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়কান্দি ওয়াপদা মোড়ের ভাই ভাই ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে যায়। সেখানে অনেক ভীড় থাকায় মামুনের মুদি দোকানের সামনে বাইক রেখে কন্টেনার নিয়ে দুই বন্ধু তেল সংগ্রহ করতে পাম্পে যায়।
তেল না পেয়ে ফিরে এসে দেখেন, তাদের বাইক নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে বেলা ১টার দিকে আকতারী পারভীন হ্যাপি ও তার ছেলে রাতুল রেজা রুপ বালিযাকান্দি থানায় একটি জিডি করেন। পরে বাইকটি উদ্ধার হলে রাত ৭টার দিকে জিডি প্রত্যাহার করতে আকতারী পারভীন ও তার ছেলে রাতুল রেজাসহ ৪ জন থানায় যান। এ সময় বিএনপি নেতা আক্তারুজ্জামান ও তার ছেলে জিসান থানায় উপস্থিত হন। জিডি করার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়।
একপর্যায়ে আকতারী পারভীন হ্যাপি ও তার ছেলে রাতুল রেজাকে থানার ডিউটি অফিসারের কক্ষে পুলিশের উপস্থিতিতে মারধর করা হয়। এসময় পুলিশ সাবেক ছাত্রদল নেতা জিসানকে আটক করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠান বলে জানা গেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’