বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পিরোজপুরে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন : স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে ভোট করার ঘোষণা আবু হানিফের

পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুরে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে জেলার পুলিশ লাইন এলাকায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছে গণঅধিকার পরিষদ। সেই দৃষ্টিকোণ থেকেই জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা করা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে অংশ নেবে।

তিনি বলেন, ‘আপনারা যারা নির্বাচনে অংশ নিতে চান, এখন থেকেই প্রস্তুতি নিন। মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকতে হবে। মানুষের যেকোনো সমস্যায় এগিয়ে আসতে হবে।’

গত বছরের ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে তারা শুনেছেন। তিনি এ প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি করে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং প্রয়োজনে পুনর্মূল্যায়নের দাবি জানান।

আবু হানিফ বলেন, ‘৫ আগস্টের পর নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী।’ তিনি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। দেশের মানুষ তা ভুলে যায়নি। তাই জামায়াতকে ১৯৭১ সালের ভূমিকার দায় নিয়েই রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে অনুকূল সময় পেয়েছে। তাদের ‘ফাঁদে পড়ে’ গণঅভ্যুত্থানের পর কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান খান রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। এ সময় জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা