চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. সানি (১৮) ও মো. জিসান (১৯)। ঘটনায় আহত মো. আরাফাত (২১) একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। হতাহতরা তিনজনই বন্ধু এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল আরোহী ছিল।
রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, ‘দুপুরে ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে বাংলাবাজার স্টেশন যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ৩ জনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত পিকআপচালক পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক। নাছির উদ্দিন জানান, নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।