ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের আইনগত স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ বাতিল করার পর শুক্রবার (৩ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে এখন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও তাদের গ্রিন কার্ড বাতিলের ঘোষণা দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। সোলেইমানি আফশারের স্বামীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করলেও হামিদা সোলেইমানি আফশার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সরকারের কট্টর সমর্থক ছিলেন। তিনি ইরানি শাসনের প্রোপাগান্ডা ছড়ানো, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলার উদ্যাপন এবং আমেরিকাকে ‘বড় শয়তান’ হিসেবে অভিহিত করে বিভিন্ন পোস্ট করেছেন। এ ছাড়া তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত আইআরজিসির প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন।
মার্কিন প্রশাসন আরও জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানি এবং তার স্বামী সৈয়দ কালান্তর মোতামেদির আইনি মর্যাদাও বাতিল করা হয়েছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে নেই এবং ভবিষ্যতে তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।