রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ শনিবারসকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এর আগে গত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ সাময়িক বরখাস্ত আদেশ দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ী জেলা সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। এ অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। যেহেতু, রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত; সেহেতু, চেয়ারম্যান আশিকুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, আরেকটি চিঠিতে চেয়ারম্যান আশিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ওই নোটিশে বলা হয়েছে, রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ১ জুন ৩৯৭ সংখ্যক প্রজ্ঞাপনে জনস্বার্থে আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে কেন তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, রাজবাড়ীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্নীতির অভিযোগে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।