মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার গাজা পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই: জাতিসংঘ ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে ইমরান খানের নাম সরিয়ে আবার ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ হচ্ছে পেশোয়ারের মাঠ ইয়াবার পর অস্ত্র ও বিস্ফোরক, টেকনাফে অপরাধের বহুমুখী নেটওয়ার্ক দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, তিন যুবক নিহত আওয়ামী লীগের সহিংসতা, পাল্টা আক্রমণ নাকি সংযম—কোন পথে যাবে বিএনপি?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক
ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ। সংগৃহীত

ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিদ্বন্দ্বী গাতি আইজেনকোটের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো হুমকির বিষয়টি নাকচ করে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক কারণে ইসরায়েলের নিরাপত্তা হুমকিকে ‘খাটো করে দেখানোর’ অভিযোগ তুলেছেন।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী একটি ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করে দাবি করেছেন যে, নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইসরাইলের সক্ষমতা এর ওপরই নির্ভর করছে।

নেসেটে (ইসরাইলি সংসদ) লিকুদ পার্টির সাপ্তাহিক দলীয় বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমাদের চারপাশে ঘিরে থাকা বড় হুমকিগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করার সক্ষমতা আমাদের ঐক্যের ওপর নির্ভর করে। যারা আমাদের চারপাশের এই তাৎক্ষণিক, কঠিন ও গুরুতর হুমকিগুলোকে উপহাস করেন বা খাটো করে দেখেন, তারা রাজনৈতিক কারণেই তা করছেন।’

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন খবর বেরিয়েছে যে, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছেন। আর এই পদক্ষেপের বিরোধিতা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। এর ফলে এমন অভিযোগ উঠেছে যে, তিনি নতুন সরকার গঠন বিলম্বিত করতেই সংঘাত চাচ্ছেন।

তার বক্তব্যের বিরোধিতা করে আইজেনকোট তার ‘ইয়াশার’ দলের বৈঠকে বলেন, নতুন সরকার শপথ নেয়ার আগে সামরিক পদক্ষেপ নেয়ার মতো কোনো তাৎক্ষণিক ইরানি হুমকি তিনি দেখছেন না। তিনি যুক্তি দেন যে, আরো সামরিক পদক্ষেপ নেয়ার পরিবর্তে ইসরাইলের উচিত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর মনোযোগ দেয়া। তিনি বলেন, ‘ইরানের পক্ষ থেকে সবচেয়ে বড় হুমকি হলো ৪৪০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস বা সরানো হয়নি। আমাদের সেদিকেই মনোযোগ দিতে হবে।’

নেতানিয়াহুর ঐক্য সরকারের দাবির জবাবে আইজেনকোট জোর দিয়ে বলেন, ইয়াশার ‘প্রকৃত ঐক্যের জন্য কাজ করবে, কোনো রাজনৈতিক সমঝোতার জন্য নয়।’ তিনি তার দলের ‘রেড লাইন’ (অপরিবর্তনীয় শর্ত) পুনর্ব্যক্ত করে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং সর্বজনীন সামরিক বাধ্যতামূলক নিয়োগের (কনস্ক্রিপশন) দাবিতে ইয়াশার কোনো আপস করবে না।

এদিকে নেতানিয়াহু লিকুদের বৈঠকে জানিয়েছেন, অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স)দের সামরিক নিয়োগের প্রশ্নে তিনি ‘সব পক্ষের’ কাছ থেকে ‘নমনীয়তা’ দাবি করবেন, কারণ হারেদি দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘শাস’-কে ‘অবশ্যই ঐক্য সরকারের অংশ হতে হবে।’

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এই বৈঠকে আরব-সংখ্যাগরিষ্ঠ ‘জয়েন্ট লিস্ট’ বা ‘রা’আম’ দলের সমর্থনের ওপর নির্ভরশীল যেকোনো সরকার গঠনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন; যে দলগুলোর আইনপ্রণেতাদের বিরুদ্ধে তিনি ও তার মিত্ররা বারবার সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে আসছেন। তিনি বলেন, ‘একটি জায়নবাদী সরকার আহমদ তিবি, ওফের কাসিফ বা তাদের সহযোগীদের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। যে সরকার ইহুদি রাষ্ট্রের ভবিষ্যতের জন্য লড়াই করতে চায়, তারা ইহুদি রাষ্ট্র ধ্বংস করতে চাওয়া ব্যক্তিদের ওপর নির্ভর করতে পারে না। এটি ধর্ম, বর্ণ বা লিঙ্গের বিষয় নয়। এটি আদর্শের বিষয়।’

নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পাওয়ার পর থেকে নেতানিয়াহু তাদের বৈধতা কেড়ে নেওয়ার এবং সন্ত্রাসের সমর্থক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। অন্য সব বিকল্প ব্যর্থ হলে আইজেনকোটের চার-দলীয় জায়নবাদী বিরোধী জোট শেষ পর্যন্ত সংখ্যালঘু সরকার গঠনের জন্য তাদের সমর্থনের ওপর নির্ভর করতে পারে। তবে রা’আম এবং জয়েন্ট লিস্টের বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়ে আইজেনকটের জোটের সব সদস্য একমত নন, যা জোটে ফাটল সৃষ্টি করছে বলে মনে হচ্ছে।

নেতানিয়াহুর সাথে সহযোগিতা নিয়ে বেনেট ও গোলানের বিরোধ

‘বি’ইয়াচাদ’ চেয়ারম্যান নাফতালি বেনেট সোমবার বলেছেন, অতি-রক্ষণশীল বা আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকারের চেয়ে তিনি লিকুদের সাথে একটি ঐক্য সরকারকে বেশি পছন্দ করবেন; তার এই বক্তব্য বামপন্থী ‘দ্য ডেমোক্র্যাটস’ দলের চেয়ারম্যান ইয়াইর গোলানের প্রকাশ্য সমালোচনার জন্ম দিয়েছে।

নেসেটে একদল সৈনিকের সাথে আলোচনাকালে বেনেট স্পষ্ট করেন, সম্ভাব্য সব বিকল্পের মধ্যে—আরব দলগুলোর সাথে জোট, হারেদি দলগুলোর সাথে জোট, অথবা লিকুদের সাথে ঐক্য সরকার—তিনি পর্যায়ক্রমিক (রোটেশন) প্রধানমন্ত্রিত্বের ভিত্তিতে একটি ঐক্য সরকার দেখতে চান, ‘যেখানে আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’ বেনেট বলেন, ‘আমি মনে করি আমাদের এমন একটি সরকার প্রয়োজন যেখানে সব শক্তিশালী ও কেন্দ্রীয় ব্যক্তিত্ব আইডিএফ (সেনাবাহিনী)-এর সেবায় বিশ্বাসী—যাদের নিজেদের সন্তানেরা আইডিএফ-এ কাজ করে। যারা একই ট্যাঙ্কে বসে দেশের সেবা করতে পারেন, তারা একসাথে দেশও চালাতে পারেন।’ তিনি যোগ করেন, ‘আমি জানি না আমরা সফল হব কি না, তবে আমি আমার জনগণের প্রতি অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ। আমি সেটিই করার চেষ্টা করছি।’

গত সপ্তাহে বেনেট আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের মিত্রদের আগে থেকে না জানিয়েই নেতানিয়াহুর সাথে দুই ঘণ্টা বৈঠক করেন বলে জানা গেছে। পরে তিনি নেতানিয়াহুর অধীনে কোনো সরকারে থাকার সম্ভাবনা নাকচ করে দিয়ে আইজেনকোটের নেতৃত্বে লিকুদসহ একটি ঐক্য সরকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। রোববার ইয়াশার ও লিকুদ প্রতিনিধিদের মধ্যে চার ঘণ্টার বৈঠকের পর ঐক্য সরকারের প্রতি তার এই সমর্থন অব্যাহত থাকল; প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় তাদের আবারো বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে গোলান এই আলোচনাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বেনেটকে লিকুদের সাথে ঐক্য সরকার গঠনের আহ্বান থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। ডেমোক্র্যাটদের দলীয় বৈঠকের শুরুতে গোলান বলেন, ‘জনগণ আমাদের একটি স্পষ্ট দায়িত্ব দিয়েছে : যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে সরিয়ে ইসরাইলকে আবার নিরাপত্তা, দায়িত্বশীলতা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।’

মিত্রদের ‘আকাঙ্ক্ষা, বিবেচনা ও উদ্বেগের’ কথা স্বীকার করেও তিনি জোর দিয়ে বলেন যে, রাজনৈতিক বিবেচনার চেয়ে ইসরাইলের নিরাপত্তা এবং সৈনিক ও বেসামরিক নাগরিকদের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা এভাবে কালক্ষেপণ করতে এবং অন্তহীন আলোচনা চালিয়ে যেতে পারি না।’

সরাসরি বেনেটকে উদ্দেশ করে গোলান বলেন, ‘আপনি যারা সেনাবাহিনীতে কাজ করেন তাদের দেখভাল করার শপথ নিয়েছিলেন। আমি জানি সেগুলো ফাঁকা বুলি ছিল না। কিন্তু তাদের দেখভাল করার প্রথম পদক্ষেপ হলো নেতানিয়াহুকে এমন এক অপ্রয়োজনীয় যুদ্ধে সেনাদের ঠেলে দেয়া থেকে বিরত রাখা, যা তাদের জীবন কেড়ে নিতে পারে কিংবা শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে।’

গোলান আরো অভিযোগ করেন, নেতানিয়াহু ইসরাইলকে ইরানের সাথে আরেকটি যুদ্ধের দিকে টেনে নেয়ার চেষ্টা করছেন এবং পশ্চিম তীরে উত্তেজনা উসকে দিচ্ছেন, যেখানে চরমপন্থী বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। বেনেটকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা সৈনিকদের নিয়ে ভাবেন, তাদের উচিত স্টিয়ারিং হুইল থেকে নেতানিয়াহুকে সরিয়ে দেয়ার জন্য সম্ভাব্য সবকিছু করা। এমনকি পর্যায়ক্রমিক (রোটেশন) চুক্তিতেও আপনি তার সাথে বা তার পাশে বসতে পারেন না।’

নেতানিয়াহুকে রক্ষা করা ‘ভোটারদের আস্থার সাথে নির্লজ্জ ও অমার্জনীয় বিশ্বাসঘাতকতা’ হবে উল্লেখ করে গোলান বলেন, ‘মনসুর আব্বাসের (রা’আম নেতা) সাথে আমাদের চমৎকার অংশীদারিত্ব রয়েছে। এই বিকল্প প্রত্যাখ্যান করা হবে নেতানিয়াহুকে উপহার দেয়ার শামিল।’ তিনি সপ্তাহের শেষ নাগাদ ‘অংশীদার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং সিদ্ধান্তে পৌঁছানোর সময়সীমাসহ’ একটি স্পষ্ট পরিকল্পনা দাবি করেন।

গোলানের মন্তব্যের পর বেনেট ঐক্য সরকারের দাবিতে আরো অনড় অবস্থান নেন, তবে সতর্ক করে দেন যে নেতানিয়াহু যদি ‘আইজেনকোটের নেতৃত্বে প্রথমে ঐক্য গড়ার পরিবর্তে কেবল সময় নষ্ট করার চেষ্টা করেন’, তবে তার ‘পরিণতি’ ভোগ করতে হবে। তিনি বলেন, ‘আমরা একটি জায়নবাদী ঐক্য সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ইসরাইলের জন্য একটি ভালো সরকার গঠনে আইজেনকটের নেওয়া সব পদক্ষেপকে সমর্থন করছি।’

আইজেনকোটের বিকল্প পরিকল্পনা

ঐক্য সরকারের বিষয়ে বেনেটের উৎসাহ সত্ত্বেও সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ জানিয়েছে, রোববার আইজেনকোটের ইয়াশার দলের সাথে বৈঠকে লিকুদ দাবি করেছিল যেন বি’ইয়াচাদকে এই আলোচনা থেকে বাদ রাখা হয়। গত সপ্তাহের আলোচনায় বি’ইয়াচাদ প্রতিনিধি পাঠিয়েছিল। ‘কান’-এর তথ্য অনুযায়ী, রোববারের আলোচনা শেষে ইয়াশার অবশ্য বি’ইয়াচাদকে আলোচনার পুরো বিষয়বস্তু অবহিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট মনে করছে লিকুদ তাদের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যাদের একটি অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে আইজেনকোট হিমশিম খাচ্ছেন। জোট গঠনের প্রতিটি সম্ভাব্য পথ—তা হারেদিদের সাথে হোক, আরব দলগুলোর সাথে হোক, কিংবা লিকুদের সাথে ঐক্য সরকার হোক—তার জোটের কোনো না কোনো সদস্য প্রকাশ্যে নাকচ করে দিয়েছেন।

জোটের সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে না পারলে আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন যে, তিনি তার সব অংশীদারের অনুমোদন ছাড়াই একটি সরকারের শপথ গ্রহণ করাবেন—এই আশায় যে তাদের কেউ কেউ একে সমর্থন না করলেও অন্তত বিপক্ষে ভোট দেবেন না। ‘কান’-এর প্রতিবেদন অনুযায়ী, এটি করার জন্য আইজেনকোট অনির্ধারিত কোনো এক সময়ে জোট গঠনের আকস্মিক ঘোষণা দেবেন এবং তার এক বা দুই দিনের মধ্যেই নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশনে আস্থা ভোটের আহ্বান জানাবেন। প্রতিবেদনে বলা হয়, এর ফলে তার মিত্রদের ওপর চাপ বাড়বে এবং রাজনৈতিক কূটচাল ও দলত্যাগের সময় সীমিত হয়ে আসবে।

এর ফলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে একটি সংখ্যালঘু সরকার গঠন করবেন। যদি সেই সরকার ভেঙে পড়ে এবং দেশ আবার নির্বাচনের দিকে যায়, তবে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন—যেমনটি বর্তমানে নেতানিয়াহু রয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা